মাসুদ রানা সিনেমায় থ্রিলারধর্মী আবহ, মারপিট, নাচ–গান এবং অবাস্তব দৃশ্যগুলো উপভোগ্য লেগেছে। দর্শকদের বিনোদনের জন্য দেশীয় স্পাই-থ্রিলারের হালকা ভাইব পাওয়াটা কম কথা নয়। তবে সমালোচকের দৃষ্টিতে বিশ্লেষণ করলে গল্প, নির্মাণশৈলী ও চরিত্রগুলোর অভিনয়ে নানা সীমাবদ্ধতা দেখা যায়।
সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক সৈকত নাসির। রাসেল রানা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অ্যাকশন দৃশ্যগুলোতে আত্মবিশ্বাস চোখে পড়েছে। পূজা চেরী গ্ল্যামারের পাশাপাশি অ্যাকশন দৃশ্যে বেশ আত্মবিশ্বাসী লেগেছেন।
ছবিটিতে হাজির হয়েছে জমকালো নাচ–গান এবং আইটেম সং। গল্পে অসংগতি ও দুর্বলতা থাকলেও সিনেমার বড় শক্তি হলো গতি। দ্রুত দৃশ্যান্তর এবং ঘন ঘন অ্যাকশনের কারণে গল্প খুব বেশি ঝুলে যায়নি। অ্যাকশন সিনেমা যাঁদের প্রিয়, এই মুভির ভরপুর মারপিট তাঁদের প্রত্যাশা পূরণ করবে।



















