লিজেন্ড অব রূপগঞ্জের হাবিবুর রহমান ৪৫ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন। ইউল্যাব মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ইনিংসে তিনি ১৩টি ছক্কা ও ৮টি চার মারেন।
আজকের আগেও লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে হাবিবুরেরই ছিল, তাঁর সমান ৪৯ বলে সেঞ্চুরি ছিল মোসাদ্দেক হোসেনেরও। আজ ৪৫ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড একার করে নিয়েছেন হাবিবুর।
গত সপ্তাহে মোহামেডানের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন হাবিবুর। সে ম্যাচে নাহিদ রানার ওভারে ২৬ আর তাসকিন আহমেদের ওভারে নিয়েছিলেন ২৫ রান। আজ অবশ্য শুরুটা এত আক্রমণাত্মক ছিল না। প্রথম ৯ বলে হাবিবুরের রান ছিল মাত্র ৬।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিহাদ উজ জামানকে চার মেরে বাউন্ডারির খাতা খোলেন, পরের বলেই মারেন ছক্কা। এক ওভার পর নিহাদ আবার বোলিংয়ে এলে নেন ২২ রান। ২৬ বলে হাবিবুর পেয়ে যান ফিফটি।




















