১৯৬৪ সালের ১২ জুন অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। তখন বিশ্বজুড়ে ‘বিটলম্যানিয়া’র ঢেউ চলছিল। অ্যানজ্যাক হাইওয়ের দুই পাশে প্রায় ১০ মাইলজুড়ে তৈরি হয়েছিল জনস্রোত।
চার্টার্ড এএনএ জেটে দ্য বিটলস-এর অবতরণের সেই মুহূর্ত শুধু দক্ষিণ অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগমই নয়, বরং বিশ্বের যেকোনো স্থানে ব্যান্ডটির সবচেয়ে বড় অভ্যর্থনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তখন শহরের জনসংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার।
অ্যাডিলেডকে প্রথমে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল, যা স্থানীয় রেডিও উপস্থাপক বব ফ্রান্সিস মানতে পারেননি। তৎকালীন রেডিওর তরুণ ডিজে ফ্রান্সিস দ্য বিটলস ম্যানেজমেন্টকে রাজি করাতে ৩ হাজার স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রায় ৭০ হাজার স্বাক্ষর সংগ্রহ করেন।
অ্যাডিলেড বিমানবন্দর থেকে টাউন হল পর্যন্ত পুরো পথে হাজার হাজার মানুষ ভিড় করেন তাঁদের একঝলক দেখার আশায়। ভক্তদের চিৎকারে পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশকে বাধ্য হয়ে ব্যারিকেড তৈরি করে জনস্রোত সামলাতে হয়।
এই সফরে ড্রামার রিঙ্গো স্টার অসুস্থ থাকায় তিনি লন্ডনে থেকে যান। তার পরিবর্তে সাময়িকভাবে ড্রাম বাজান জিমি নিকল। পরে তিনি মেলবোর্নে দলে আবার যোগ দেন। অ্যাডিলেডের পর দ্য বিটলস পারফর্ম করে মেলবোর্ন ও সিডনিতে, এরপর নিউজিল্যান্ডে গিয়ে তাদের ঐতিহাসিক সফর শেষ করে।



















