সিডনি চলচ্চিত্র উৎসবে ৭০ দেশের ২৪০ ছবির মধ্যে বাংলাদেশের ‘মাস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ার হয়েছে। ৩ জুন শুরু হওয়া ১২ দিনব্যাপী আন্তর্জাতিক উৎসবে বিশ্বজুড়ে আলোচিত সব চলচ্চিত্রের ভিড়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৪ জুন প্রিমিয়ার হয়েছে তরুণ বাংলাদেশি নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র ‘মাস্টার’।
এবারের উৎসবে ৭০টির বেশি দেশ থেকে নির্বাচিত ২৪০টির বেশি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে সরাসরি কান চলচ্চিত্র উৎসব থেকে আসা ২৬টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত রয়েছে। দক্ষিণ এশিয়া থেকে স্থান পাওয়া মাত্র পাঁচটি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘মাস্টার’-এর এই অন্তর্ভুক্তি বাংলা সিনেমার এক গৌরবমণ্ডিত অর্জন।
চলচ্চিত্রটি গত জানুয়ারিতে নেদারল্যান্ডসের ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে একজন আদর্শবাদী শিক্ষকের রাজনীতিতে পদার্পণ এবং ক্ষমতার মোহে তাঁর নৈতিক রূপান্তর ও পারিবারিক বিচ্ছিন্নতার এক ধূসর বাস্তবতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ ও তাসনোভা তামান্না। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তামিজুল এবং এর চূড়ান্ত সম্পাদনা ও শব্দ মিশ্রণের কাজ সম্পন্ন হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ও বুসানে।
সিডনি চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানপ্রধান জাস্টিন মার্তিনিয়ুক এই চলচ্চিত্রটির গভীরতা ও নারী অধিকারের মতো বহুস্তরীয় বিষয়ের ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্রটি নিয়ে এশীয় চলচ্চিত্র গবেষক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক জাকির হোসেন রাজু বলেন, ‘সিডনি চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বমানের প্ল্যাটফর্মে “মাস্টার” চলচ্চিত্রের অস্ট্রেলিয়ান প্রিমিয়ার আমাদের জন্য অত্যন্ত গর্বের।’
সিডনিতে চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর একটি ইতিমধ্যে ৪ জুন রাত পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়েছে এবং আরেকটি প্রদর্শিত হবে ৮ জুন; যেখানে নির্মাতা সুমিত উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। আগামী আগস্টে চলচ্চিত্রটি বাংলাদেশে সাধারণ দর্শকদের জন্য মুক্তি পাওয়ার কথা রয়েছে।



















