আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বড়দিনে শান্তি ও ভাইবোনের মধ্যে একতার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত ও যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য।
আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, যিশুর জন্মকাহিনিতে আমরা শুনি, ‘জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহলোকে নামুক শান্তি তাঁর অনুগৃহীত মানবের অন্তরে’ (লুক ২: ১৪)। যিশু তাঁর শিষ্যদের জন্য শান্তি দান করেছেন: ‘শান্তি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি’ (যোহন ১৪: ২৭)।
আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, যিশু আমাদের প্রকৃত শান্তিদাতা। শান্তি স্থাপনকারীকে বাইবেলে অনেক উচ্চে স্থান দেওয়া হয়েছে, ‘শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা; তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে’ (মথি ৫: ৯)।
আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, যিশুর প্রচার ও শিক্ষার প্রধান বিষয়বস্তু ছিল, এ জগতে ঐশ রাজ্যের সুখবর ঘোষণা করা। আর এই ঐশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো শান্তি (রোমীয় ১৪: ১৭)। শিষ্যদের প্রতি পুনরুত্থিত খ্রিষ্টের প্রথম ও প্রধান উপহার হলো শান্তি।
আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, যিশুর দেওয়া এই সর্বজনীন শান্তি স্থাপন করা হোক আমাদের সবার পবিত্র কর্তব্য ও দায়িত্ব। আমাদের পরিবারে, সমাজে ও দেশে আমরা সবাই হয়ে উঠি শান্তির দূত।






























