পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে মাঠে নামেনি। ম্যাচ রেফারি তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেন। খেলোয়াড়রা জানান, লিগ প্রায় শেষ হয়ে এলেও তারা পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশই পেয়েছে। গতকাল রাতে বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন। ব্রাদার্স অবনমন এড়াতে তামিমের কাছে অনুরোধ করে এবং তামিম তাদের চিঠি দিতে বলেন।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ বর্জন করলে ক্লাব প্রথম বিভাগে অবনমিত হয়ে যায়। তবে এই চিঠি আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই বেশি। কারণ, এখন কিছু করতে হলে তা নিয়মের বাইরে গিয়ে করতে হবে। বর্জনের কারণে না হলেও পয়েন্ট তালিকার তলানিতে থাকায় এমনিতেই অবনমিত হতো ব্রাদার্স। ৯ ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে।
ব্রাদার্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজই। ব্রাদার্সের ম্যানেজার আমিন খানের বক্তব্য পাওয়া যায়নি।




















