বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন শন টেইট। তাঁর জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্ব নেবেন তালহা জুবায়ের। বিসিবি জানিয়েছে, টেইট আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না।
এক বছর আগে টেইট এই দায়িত্ব নিয়েছিলেন। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। তবে পরিবারকে সময় দিতে চান বলে বিসিবিকে জানিয়েছেন টেইট। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে।
টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’
২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। জাতীয় দলের পেস বোলিংয়ে সাম্প্রতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অস্ট্রেলিয়ান।




















