যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় আফ্রিকার সেরা রেফারি ওমর আরতান ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। ফিফা নিশ্চিত করেছে যে, আরতান বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না।
২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারি। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো আরতানকে দেশে ফেরত পাঠানোর কারণ জানায়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি সোমালিয়া।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না।’
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেছেন, ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন আরতান।
বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেন, ‘এ বিষয়ে নেতিবাচক বা গোপন তথ্য নিয়ে আমি বিস্তারিত বলতে পারব না। তবে আমি বলতে পারি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের সিদ্ধান্তটি সঠিক ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।’
আরতান বলেছেন, তিনি এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চান। তিনি বলেন, ‘আমি ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি।’






























