নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বিশ্বকাপ শুরুর দিনে দুই কিংবদন্তি ফুটবলারের প্রতি বিশেষ সম্মান জানিয়েছে। শহরের দুটি সড়কের সংযোগস্থলের নতুন নামকরণ করা হয়েছে পেলে ও থিয়েরি অঁরির নামে।
ফক্স স্পোর্টসের খবর অনুযায়ী, ম্যানহাটানের ডাউনটাউনে ‘ওয়েস্ট ফিফটি স্ট্রিট’ ও ‘সিক্সথ অ্যাভিনিউ’র সংযোগস্থলে ‘থিয়েরি অঁরি ওয়ে’র ফলক বসানো হয়েছে। উন্মোচনের সময় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা অঁরি সশরীরে উপস্থিত না থাকলেও ভিডিও কলের মাধ্যমে ফলক উন্মোচন আয়োজনে সঙ্গে যোগ দেন।
৪৮ বছর বয়সী এই সাবেক আর্সেনাল ও বার্সেলোনা ফরোয়ার্ড ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেজর লিগ সকারের দল নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছিলেন।
অন্যদিকে কুইন্স বরোর ‘শিয়া রোড’ ও ‘মেরিডিয়ান রোড’-এর সংযোগস্থলটির নাম দেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তি পেলের নামে। ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জেতা এই মহাতারকা ক্যারিয়ারের শেষপ্রান্তে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমনে খেলেছেন।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়, সড়কগুলোর নতুন নামফলক ১ নভেম্বর পর্যন্ত থাকবে।






























