মেক্সিকো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচটি ছিল তিন লাল কার্ডের। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এটাই সর্বোচ্চ!
মেক্সিকানরা জানতেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ তাঁদের জন্য আসলে ‘অভিশাপ।’ সেই ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেননি।
ঘটলও ঠিক তা–ই। উদ্বোধনী অনুষ্ঠানে ঘরের দর্শকদের আনন্দের রেশ কাটতে দেননি রাউল হিমিনেজরা। ম্যাচ শুরুর ৮ মিনিট ৩২ সেকেন্ডে প্রথম গোল, ৬৭ মিনিটে আরেকটি।
মেক্সিকোও অবশ্য ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২) সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেক্সিকোর সেন্টার ব্যাক সেজার মন্তেস। তার আগে ৫০ মিনিটে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। এরপর ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানেও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।






























