দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ বিশ্বকাপের জন্য মেক্সিকোতে থাকায় নিজের প্রথম সন্তানের জন্ম মুঠোফোনে শুনতে পেরেছেন। নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ রাঙানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কিম সেউং-গিউ জানিয়েছেন, তিনি সত্যিই দুঃখিত যে সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি।
কিম সেউং-গিউ বলেছেন, ‘সন্তানের জন্মের সময় আমি স্ত্রীর পাশে থাকতে পারিনি, এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি এখান থেকে (বিশ্বকাপ) দেশের জন্য দারুণ কিছু অর্জন উপহার হিসেবে নিয়ে বাড়ি ফিরতে চাই।’
জাপানের ক্লাব এফসি টোকিওতে খেলা এই অভিজ্ঞ গোলরক্ষককে নিয়ে দক্ষিণ কোরিয়া বেশ আশাবাদী। কোচ হংক মিয়ুং-বোর প্রথম পছন্দ হিসেবে জো হিয়ন-উকে টপকে একাদশে কিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
বয়স ৩৫ চলেছে কিমের। ফুটবলারদের জন্য এই বয়স মানেই ক্যারিয়ারের গোধূলিলগ্ন। কিম নিজেও খুব ভালো করে জানেন, এটাই তাঁর শেষ সুযোগ। ইয়োনহাপকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি অতীতে প্রতিটি বিশ্বকাপেই এই ভেবে খেলেছি যে এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ। তবে এখন আমার যা বয়স, তাতে এই বিশ্বকাপটা সত্যিই আমার শেষ বলে মনে হচ্ছে।’





























