ফিফার নিয়ম অনুযায়ী হাইতিকে তাদের জার্সির নকশা পরিবর্তন করতে হয়েছে। জার্সিতে যুদ্ধের দৃশ্য থাকার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
হাইতির জার্সিতে ১৮০৩ সালের ‘ব্যাটল অব ভার্তিয়ের’-এর একটি চিত্র ছিল। ফরাসি ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধেই হাইতি স্বাধীনতা লাভ করেছিল।
ফিফার সরঞ্জামবিষয়ক বিধিমালায় জার্সিতে ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা কিংবা স্লোগান’ ব্যবহারের অনুমতি নেই। এ কারণে হাইতিকে জার্সির নকশা পরিবর্তন করতে হয়েছে।
কলম্বিয়ার ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা জানিয়েছে, তাদের মূল নকশাটি ছিল ‘হাইতির ভবিষ্যৎ গঠনে প্রতিদিন অবদান রাখা নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানানো।’ তবে ফিফা মনে করেছে, নকশার কিছু দৃশ্যমান উপাদান তাদের সরঞ্জামবিষয়ক বিধিমালার আলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে।
৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। ১৪ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবীয় দেশটির এবারের বিশ্বকাপ অভিযান।






























