বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফিফার বিরুদ্ধে উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি মামলা করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সাবেক আইনি পরিচালক মার্কো ভিলিজার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান দোমেনিকো স্কালার বিরুদ্ধে বিদ্বেষমূলক মামলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন প্লাতিনি।
প্লাতিনি ফিফার বিরুদ্ধে একটি পৃথক দেওয়ানি মামলাও করেছেন। তার অভিযোগ, ফিফা সভাপতি পদে তার নির্বাচিত হওয়া আটকাতে সংস্থার ভেতরে নানা কূটকৌশল ছক করা হয়েছিল। এই ক্ষতির জন্য ফিফার কাছ থেকে পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন প্লাতিনি।
২০১৫ সালে দুর্নীতির অভিযোগের কারণে প্লাতিনি ফিফা সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে যান। পরবর্তীতে ফিফার নৈতিকতা কমিটির আট বছরের নিষেধাজ্ঞার কারণে তিনি আর সভাপতি হতে পারেননি। ফরাসি তদন্তকারীদের ফিফা কর্মকর্তাদের আচরণ খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।




















