ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা অর্থ না পাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ বর্জন করেছে। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচটি খেলা হয়নি। ব্রাদার্সের খেলোয়াড়রা মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান।
দলটির একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চুক্তির পর তাঁদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দিয়েও বাকি টাকা না পাওয়ায় তাঁরা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।
ক্রিকেটাররা জানান, ঈদের আগেই তাঁদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। গতকাল রাতে এ ব্যাপারে ক্লাবকে তাঁরা জানিয়েছিলেন। কিন্তু আজ ম্যাচের আগে পারিশ্রমিক না পাওয়ায় তাঁরা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন।
ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী জানান, ব্রাদার্স ইউনিয়ন খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও আসেনি। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও তিনি অপেক্ষা করেছিলেন। অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসেনি।
সিসিডিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ব্যাপারে ক্লাব বা খেলোয়াড়দের পক্ষ থেকে আগে কিছু জানানো হয়নি। তেমন হলে তারা ব্যবস্থা নিতে পারত। যদিও পারিশ্রমিকের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা নেই।





























