এই সিরিজে পেসারদের লড়াইয়ে বাংলাদেশ কি এগিয়ে? অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস বলেছেন, ‘ধারণা করছি, সিরিজটা শেষ হলেই আমরা উত্তরটা পেয়ে যাব!’
অস্ট্রেলিয়ার বর্তমান স্কোয়াডে পেসারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নাথান এলিসও মাত্র ২০টি ওয়ানডে খেলেছেন। বাকি তিনজনের মধ্যে জেভিয়ার বার্টলেট আর বেন ডোয়ারশুইস খেলেছেন ৬ ম্যাচ। লিয়াম স্কটের তো এখনো অভিষেকই হয়নি।
অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং তাদের সবচেয়ে বড় শক্তি। নাহিদ রানা, শরীফুল ইসলাম আর মোস্তাফিজুর রহমানের মতো বোলাররা গত সিরিজগুলোতে দারুণ সাফল্য পেয়েছেন।
ইংলিস বলেছেন, ‘আমাদের স্কোয়াড থেকে বড় (তারকা) কয়েকজন খেলোয়াড় বাইরে চলে গেছে। তবে আমি মনে করি যারা গত কয়েক বছর ধরে নিয়মিত খেলছে, যেমন নাথান এলিস, জেভিয়ার বার্টলেট বা বেন ডোয়ারশুইস। তাদের এই পর্যায়ে খেলার মতো এখন বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। তাই তারাও দারুণ সম্ভাবনাময়।’
নাহিদ রানা সম্পর্কে ইংলিস বলেছেন, ‘আমি যে খুব বেশি তার বোলিং দেখেছি, তা নয়। কিন্তু যতটুকু দেখেছি, খুব ভালো বোলার সে, খুবই সম্ভাবনাময় একজন। লম্বা, জোরে বল করতে পারে— এমন কম্বিনেশন খুব চমৎকার ব্যাপার। আমাদের সবার জন্যই তাকে সামলানো বেশ কঠিন হতে যাচ্ছে।’




















