অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা এলাকার মো. সোলায়মান (৪৭), এনায়েতপুর এলাকার মো. সাগর মিয়া (২৮) এবং মগড়া ইউনিয়নের দিঘীবিল এলাকার মো. জুয়েল রানা (৩২)।
সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল গত রোববার প্রথমে কাগমারা ব্রিজসংলগ্ন এলাকায় সোলায়মানের মালিকানাধীন একটি ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজপাড়া এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে সাগর মিয়া ও জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহৃত এজেন্ট সিম ও আর্থিক লেনদেনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। সোলায়মান অর্থের বিনিময়ে তাঁর এজেন্ট সিম সাগর মিয়ার কাছে সরবরাহ করতেন। অন্যদিকে সাগর মিয়া ও জুয়েল রানা এমএফএসের ডিস্ট্রিবিউশন সেলস কর্মকর্তা (ডিএসও) হিসেবে কমিশনের বিনিময়ে বিভিন্ন এজেন্ট সিম সংগ্রহ করে জুয়ার সাইটে সরবরাহ করতেন বলে তদন্তে উঠে এসেছে।






























