তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলে বিদ্রোহের প্রেক্ষিতে বড় ধরনের সাংগঠনিক রদবদল করেছেন। তাঁর বিশ্বস্ত এবং পুরোনো নেতাদের ফিরিয়ে আনা হয়েছে। মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। তবে তাঁকে সাহায্য করতে রাজ্যসভার দুই সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে দলের দুই যুগ্ম জাতীয় সম্পাদক করা হয়েছে।
শুক্রবার তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাতে গোনা মাত্র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তৃণমূলের নবনির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দ্বিতীয় প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করেছেন।
তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও নতুন করে সাজানো হয়েছে। বর্তমান রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সরিয়ে সেই পদে সাবেক মন্ত্রী ও মমতার অনুসারী চন্দ্রিমা ভট্টাচার্যকে বসানো হয়েছে। অন্যদিকে, বক্সীকে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি করা হয়েছে।
রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক, রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী ও গৌতম দেব। শাখা সংগঠনগুলোর মধ্যে সায়নী ঘোষকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে বহাল রাখা হয়েছে। মালা রায়কে দলের মহিলা শাখার সভাপতি করা হয়েছে।



















