প্রায় সাত বছর পর উত্তর কোরিয়ায় সি চিন পিংয়ের এটিই প্রথম সফর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, উভয় পক্ষ এই সফরকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই এই সফরের লক্ষ্য।
করোনা মহামারির কারণে দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সুযোগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন কিম জং-উন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন দিতে তিনি সেনা ও অস্ত্র পাঠিয়েছেন। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ংকে আবারও নিজের বলয়ে ফিরিয়ে আনতে কাজ করছে বেইজিং।



















