সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এক সপ্তাহে মোট ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলা এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ১৮৪ জন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন।
সৌদি আরব থেকে ইতিমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়েছে। আউটপাস বা ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাঁদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আর ফ্লাইটের টিকিট চূড়ান্ত করার অপেক্ষায় আছেন আরও ৮৫০ জন।
বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ, ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ প্রবাসীদের পরিবহনসুবিধা, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে কিংবা আশ্রয় ও পরিবহনসুবিধা দিলে তাঁর ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। এর পাশাপাশি জরিমানা হতে পারে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িও বাজেয়াপ্ত করা হবে।






























