কারাগারে বন্দিদের নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক কুখ্যাত কারাগারের সাবেক পরিচালককে সাত বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। দেশটির প্রসিকিউশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
জাতীয় প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিমকে বন্দিদের ওপর নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।'
রোববার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, তাকে সাত বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিম ত্রিপোলির বিচারিক পুলিশের প্রধান ছিলেন এবং রাজধানীর বিমানবন্দর সংলগ্ন মিতিগা কারাগারের দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র পক্ষ থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গত বছরের নভেম্বর থেকে তিনি লিবিয়ার হেফাজতে রয়েছেন।
গত বছর ইতালিতে গ্রেফতার হওয়ার পর, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তাকে মুক্তি দেওয়া হয় এবং ইতালীয় সরকারের একটি ভাড়া করা বিমানে লিবিয়ায় ফেরত পাঠানো হলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।





























