আদম হামাউই গাজায় ইসরায়েলের যুদ্ধ নিজ চোখে দেখেছেন। নভেম্বরে নির্বাচিত হলে তিনিই হবেন কংগ্রেসের একমাত্র সদস্য, যার গাজার যুদ্ধ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আছে। তিনি কংগ্রেসকে গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিতে প্রভাবিত করতে চান।
পেশায় প্লাস্টিক সার্জন ও মার্কিন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা আদম হিশাম হামাউই বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসাসেবা দিয়েছেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি জয়ী হয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হামাউই বলেন, ‘আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের আইনপ্রণেতা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম, ওখানে এটা ঘটছে। এটা বাস্তব। এটা ভুয়া খবর নয়। আমি নিজে এটা দেখেছি এবং নিজের চোখে যা দেখেছি, (সেখানে) সেটাই ঘটছে।’
হামাউই আশা প্রকাশ করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি প্রতিনিধি পরিষদকে ইসরায়েলের গাজায় যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে আরও সরাসরি ও কঠোর অবস্থান নিতে প্রভাবিত করতে পারবেন।





























