ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি ফিরে যাচ্ছেন। শনিবার সকাল আটটায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তিনি পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন ধরনায় বসার অনুমতি চাইতে। তাঁর সঙ্গী হবেন লাদাখের অধিকারকর্মী, শিক্ষাবিদ ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক।
সোনম ওয়াংচুক লাদাখের পরিবেশরক্ষা ও বিভিন্ন রাজনৈতিক দাবিদাওয়া নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন করছেন। জাতীয় নিরাপত্তা রক্ষার কারণ দেখিয়ে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি মুক্তি পান।
অভিজিৎ দীপকে বোস্টন ইউনিভার্সিটির স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি শুক্রবার দেশের পথে যাত্রা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ভারত রওনা হলাম। ভাগ্যকে সংবিধানের হাতে সঁপে দিয়েছি। জয় ভীম।’
নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ নানা দাবিতে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালনে দেশে ফিরছেন অভিজিৎ। দিনকয়েক আগে সে কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, সময় এসেছে পথে নামার।
সোনম ওয়াংচুক ছাড়াও ভারতের বিভিন্ন পেশার বহু কৃতী মানুষ এই আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যেমন, চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ, কুণাল কোহলি, অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা, দিয়া মির্জা, ফতিমা সানা শেখ, এষা গুপ্তা। কৌতুক শিল্পী কুণাল কামরা এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদও যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।



















