সারা দেশের সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদ পূরণে নিয়োগ পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বিসিএস ও একাধিক নন-ক্যাডার পরীক্ষার কর্মযজ্ঞ চলছে। জুনের শেষ সপ্তাহে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে।
এই ১০ম গ্রেডের (১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল) স্থায়ী পদের জন্য নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই ৮২৮ পদের নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকারি হাসপাতালগুলোর জনবলসংকট কিছুটা লাঘব হবে।






























