রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছে ১৬ বছর বয়সী মাহিদুল ইসলাম। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ উঠেছে, ছিনতাইকারীরা মাহিদুলকে মারধর ও ধারাল ব্লেড দিয়ে আঘাত করে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
সোমবার বেলা দুইটার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিদুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
হাসপাতালে মাহিদুলের বোন মার্জিয়া আক্তার বলেন, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামে। গ্রামের বাড়ি থেকে ট্রেনে করে খিলক্ষেতে তাঁর বাসায় বেড়াতে আসছিল মাহিদুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।




















