চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে আরও দুটি প্রকল্প নেওয়া হচ্ছে। নতুন দুটি প্রকল্পের খসড়া ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৭১ কোটি টাকা। তবে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর এই খরচ আরও বাড়তে পারে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
দুটি প্রকল্পের মধ্যে একটি হচ্ছে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণ ও সংস্কার। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি টাকা। বর্তমানে এসব খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া এই প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
২১টি খালের সংস্কার ও উন্নয়নে খরচ হবে ৩ হাজার ৫৪৯ কোটি টাকা। গত বুধবার দুপুরে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে দুটি প্রকল্পের প্রাথমিক ব্যয় এবং কাজের তথ্য উপস্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে চারটি প্রকল্পের কাজ চলমান। ৮ থেকে ১০ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এর মধ্যে সিডিএর দুটি, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের একটি করে প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ১৪ হাজার ৩৮৯ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত এসব প্রকল্পে খরচ হয়েছে ১০ হাজার ৪০৮ কোটি টাকা।
সিডিএর চলমান প্রকল্পের আওতায় থাকা ৩৬ খালের রক্ষণাবেক্ষণ, পুনঃখনন, বর্জ্য অপসারণ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য পাঁচ বছর মেয়াদি প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৩০ লাখ টাকা।




















