তওবা শব্দের অর্থ ফিরে আসা। অর্থাৎ পাপ ও অবাধ্যতার পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা। নিজের কৃতকর্মের জন্য আন্তরিকভাবে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই পাপ আর না করার দৃঢ় সংকল্প করাই হলো প্রকৃত তওবা।
তওবা কীভাবে করবেন
প্রথমে পাপের জন্য অন্তরে সত্যিকারের অনুতাপ থাকতে হবে। তারপর সেই পাপ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে আর না করার দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে হবে।
রাসুল (সা.) বলেছেন, ‘সুন্দরভাবে অজু করলে মানুষের শরীর থেকে পাপ ঝরে যায়, এমনকি নখের নিচ থেকেও।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৪) পাপ করার পর অজু করে দুই রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব।
আল্লাহ আমাদের ক্ষমা চাওয়ার ভাষাও শিখিয়ে দিয়েছেন। নবী আদম ও হাওয়ার দোয়া, ইউনুস (আ.)-এর দোয়া, মুমিনদের দোয়া, অজু শেষে তওবার জন্য দোয়া, হাদিসে বর্ণিত ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া ‘সাইয়িদুল ইস্তিগফার’ পড়া যায়।




















