বন অধিদপ্তরের ৩৮২ ফরেস্টারের চাকরির আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরদিনই নিয়োগ স্থগিত করা হয়েছে। ১০ জুন আবেদনের সময়সীমা শেষ হবে। কিন্তু ১১ জুন থেকে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে গেছে। বন অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, অনিবার্য কারণবশত আবেদন গ্রহণপরবর্তী নিয়োগ কার্যক্রম ১১ জুন ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত করা হলো। নিয়োগ কমিটির সদস্য ও সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির বলেন, আবেদন সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু নিয়োগের বাকি প্রক্রিয়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে শুরু হবে।
এই স্থগিতাদেশ বেকার তরুণদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। দেশে বেকারত্ব এক বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই একের পর এক সরকারি চাকরি আটকে যাচ্ছে। লাখ লাখ বেকার তরুণের ভবিষ্যৎ নিয়ে এই আমলাতান্ত্রিক নোংরা খেলা অবিলম্বে বন্ধ করা উচিত বলে মনে করে দেশের বেকার সমাজ।




















