লাল চুল ও পোশাক পরে কোরীয় র্যাপার লি ইয়ং-জির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিটি দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। লাল রঙের চুল ও পোশাক পরে ছবি পোস্ট করায় বিতর্কের মুখে পড়েছেন লি ইয়ং-জি। বিতর্কের কারণ হলো দক্ষিণ কোরিয়ায় লাল রং সাধারণত ক্ষমতাসীন রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির সঙ্গে যুক্ত। ফলে অনেকে মনে করেন, লি ইয়ং-জির পোস্টে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে।
বিতর্ক ছড়িয়ে পড়ার পরদিনই লি ইয়ং-জি চুল আবার কালো রঙে ফিরিয়ে আনেন। সেই সঙ্গে ক্ষমাও চেয়েছেন এই তারকা র্যাপার। নিজের অবস্থান ব্যাখ্যা করে লি ইয়ং-জি বলেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়টি তিনি জানতেন, তবে ভক্তদের সঙ্গে যোগাযোগের তাড়না থেকেই আগপাছ না ভেবেই পোস্ট করেছিলেন।
লি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি আত্মসমালোচনা করব, শিখব এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। আমার অসতর্ক আচরণের জন্য আমি দুঃখিত।’ দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্দিষ্ট রং ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে অনেক সময় তারকারা পোশাক, অ্যাকসেসরিজ বা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কারণে পরোক্ষ রাজনৈতিক বার্তার অভিযোগের মুখে পড়েন।



















