অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস স্কলারশিপ (Human Rights Scholarship)–২০২৬-এর জন্য আবেদন আহ্বান করেছে। দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপ। মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী স্নাতকোত্তর শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে সহায়তা পাবেন। মাস্টার্সের রিসার্চ ও পিএইচডি প্রোগ্রামের জন্য আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপের বিবরণ
হিউম্যান রাইটস স্কলারশিপে শুধু একাডেমিক গবেষণা নয়, বাস্তব জীবনে মানবাধিকার অগ্রগতিতে অবদান রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বৃত্তির অন্যতম মূল লক্ষ্য হলো মানবাধিকার বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়ানো। আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসীদের অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন, মানবিক অধ্যয়নসহ নানা বিষয়ে গবেষণাকে উৎসাহিত করা হয় এ বৃত্তির মাধ্যমে।
আবেদনের নিয়ম
আবেদনকারী প্রার্থীদের একটি বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে এ বৃত্তির জন্য। আবেদনে প্রার্থীরা তাঁদের মানবাধিকারবিষয়ক কাজ, স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা ও গবেষণার সামাজিক প্রভাব তুলে ধরবেন। আবেদনকারীদের অবশ্যই মানবাধিকারভিত্তিক বিভিন্ন গবেষণায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি হতে হবে। একই স্তরের কোনো গবেষণা ডিগ্রি আগে থাকলে আবেদন করা যাবে না।




















