জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের মাত্র ২৩ দিন পর অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে পদত্যাগ করতে হয়েছে। তাঁর পরিবর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মেয়াদ হবে চার বছর।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তাধীন আছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন আনা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছিল সরকার।
একই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপককে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও নিয়োগের পরপরই তা বাতিল করা হয়। তারও আগে গত মার্চে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।




















