জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ভ্যাট কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করতে যাচ্ছে। এর ফলে ভ্যাটের পরিমাণ কমবে ৭৮ দশমিক ৫ শতাংশ। বর্তমানে দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ব্যবস্থা কার্যকর হলে প্রতি ভরিতে ভ্যাট হবে ২ হাজার ৫০০ টাকা। বর্তমানে এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা। এ দামে সোনা কিনলে ৫ শতাংশ হারে প্রতি ভরিতে প্রায় সাড়ে ১১ হাজার টাকা ভ্যাট দিতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, বর্তমানে এ খাত থেকে ১৫০ কোটি টাকার কম ভ্যাট আদায় হয়। নির্ধারিত ভ্যাট আরোপ করা হলে আদায় বেড়ে প্রায় ৪০০ কোটি টাকায় উন্নীত হতে পারে। ব্যবসায়ীরাও এ বিষয়ে অঙ্গীকার করেছেন।
সূত্র জানায়, শুরুতে প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব ছিল। পরে স্বর্ণ ব্যবসায়ীদের দাবির মুখে তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে সোনা বেচাকেনা থেকে ভ্যাট আদায় হয়েছিল ১৩৮ কোটি টাকা।
















