চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের দিয়ানছি আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্রে শুক্রবার চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্বোধন হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং কনস্যুলেট জেনারেল, কুনমিংয়ের সহযোগিতায় চীনের দুই প্রদর্শনীতে বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে বিশ্বের ৬৮টি দেশের ২ হাজার ৩০০ প্রদর্শক এবার অংশ নিয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত প্রদর্শনীটি চলবে। চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ বো–এর সভাপতিত্বে প্রদর্শনী দুটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি পেয়েছে। প্রদর্শনীটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা, রপ্তানিযোগ্য পণ্য এবং শিল্প খাতের বিকাশে সহায়তা করবে।






























