চট্টগ্রামের খতিবপাড়ার একটি সরু গলি বিশ্বকাপের আগমনে ব্রাজিল ফুটবলের রঙিন গল্পে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গলিটি 'ব্রাজিল গলি' নামে পরিচিতি পেয়েছে। দেয়াল জুড়ে ব্রাজিল ফুটবলের তারকাদের প্রতিকৃতি ও বিশ্বকাপের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে।
গলির প্রবেশমুখে ৩৬ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া ব্রাজিলের পতাকা উড়ছে। দেয়াল জুড়ে পেলে, রোমারিও, রোনালদিনিও এবং নেইমারের প্রতিকৃতি দেখা যায়। বর্তমান দলের ২৬ ফুটবলারের নাম ও জার্সি নম্বরও স্থান পেয়েছে।
এই আয়োজনের মূল উদ্যোক্তা স্থানীয় বাসিন্দা রনি সাজ্জাদ। তিনি বলেন, 'ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখি। বিশ্বকাপ এলেই এই গলিটা আমাদের কাছে আলাদা হয়ে ওঠে। ২০১০ সাল থেকে আমরা দেয়ালগুলো রাঙাচ্ছি। এবারও সবাই মিলে করেছি।'
দেয়ালচিত্রগুলো এঁকেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নয়ন পাল। তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক। তিনি বলেন, 'সমর্থন এক জিনিস, শিল্প আরেক জিনিস। বিশ্বকাপ এলেই চারদিকে একটা উৎসবের আবহ তৈরি হয়। সেই আবহকে রঙে-তুলিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।'
স্থানীয় তরুণ রায়হান ইসলাম বলেন, 'বিশ্বকাপ আমাদের কাছে শুধু খেলা নয়, একটা আবেগ। চার বছর ধরে আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার আক্রমণ, মাঝমাঠ, রক্ষণ—সব জায়গায় ভারসাম্য আছে। আমার মনে হয়, ব্রাজিলের ষষ্ঠ শিরোপার অপেক্ষা এবার শেষ হবে।'
প্রবীণ বাসিন্দা আবদুল কাদের বলেন, 'বিশ্বকাপ শুধু ৯০ মিনিটের খেলা নয়। এটা মানুষের স্মৃতির অংশ। আনন্দের অংশ। দেখেন না, একটা গলি কীভাবে বদলে গেছে! মানুষ আসছে, ছবি তুলছে, গল্প করছে। এটাই তো বিশ্বকাপের সৌন্দর্য।'




















