মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আর তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন রোববার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, ‘অপরাধীরা তাঁদের অপরাধের বিচার পেয়েছেন। আমি সন্তুষ্ট।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়টিকে অপরাধ দমনের ক্ষেত্রে মাইলফলক বলে মন্তব্য করেন।






























