মৌসুমি বায়ুর বিস্তার দেশের প্রায় অর্ধেক এলাকায় ঘটেছে। আবহাওয়া অফিস বুধবারও দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে বৃষ্টি আজ কিছুটা বাড়তে পারে। এর ফলে তাপমাত্রা কমতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই একটি এলাকা ছাড়া দেশের কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়নি। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনের চেয়ে এক ডিগ্রি কম।
চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পরে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। তবে তা এখন চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দিকে ছড়িয়ে পড়েছে বলে জানান ওমর ফারুক। দেশের অর্ধেকটা জুড়ে এর বিস্তার ঘটেছে।






























