স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার রাতে আকস্মিকভাবে রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকলী এলাকায় যান।
প্রতিমন্ত্রী ঘণ্টাখানেক ধরে কাকলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি কোথায় বর্জ্য জমে আছে, অপসারণে কত সময় লাগছে, মাঠপর্যায়ে কর্মীরা কীভাবে কাজ করছেন—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংশ্লিষ্টদের বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় যেকোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। নগরবাসী যাতে ভোগান্তিতে না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে তদারকি আরও বাড়াতে হবে। শুধু দাপ্তরিক প্রতিবেদন নয়, বাস্তব কাজের ফল মাঠে দেখা যেতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়মিত ও সময়মতো করতে হবে। কোথাও বর্জ্য জমে থাকলে, তা দ্রুত অপসারণ করতে হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।




















