দিনাজপুরে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সামারি ট্রায়াল পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সামারি ট্রায়াল পরিচালনার বিবরণ
দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা প্রেরিত এক বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। সামারি ট্রায়াল পরিচালনা করেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।
অভিযানের বিবরণ
সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই-এই ৩টি প্রতিষ্ঠানে নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও বিক্রি করার অভিযোগে বিচারক এই সামারি ট্রায়াল পরিচালনা করেন।
অনিয়মের বিবরণ
উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্য দ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদবিহীন বিভিন্ন প্যাকেট জাত খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়ম জনিত কারণে ওই ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জরিমানার পরিমাণ
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী দিনাজপুর শহরের হাসাপাতাল মোড়ের দিলশাদ রেস্তোরাঁ, গণেশতলা মদিনা টাওয়ারে কাচ্চি ভাই ও নিমতলা মোড়ে ভিন্ন স্বাদ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।




























