রাজধানীতে আজ মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। আকাশে মেঘও ছিল। তবে কিছুক্ষণ পরই আকাশে রোদের ঝিলিক। আবহাওয়া অফিস বলছে, ঢাকার আকাশ আজ এমন রোদেলাই থাকবে।
সকাল সাড়ে আটটার দিকে যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখনও কোথাও কোথাও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আজ দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের একটা বড় অংশে আজ প্রচণ্ড গরম থাকতে পারে।
আজ রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা বিভাগের পূর্বাংশে বৃষ্টি হতে পারে। রাজধানীতে দিনের অন্য সময় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আজ খুলনা, রাজশাহী বিভাগের অনেক স্থানই বৃষ্টিহীন থাকতে পারে। গরম বাড়তে পারে এসব এলাকায়। তবে রাজশাহীর বগুড়া ও নওগাঁ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।




















