আজ বৃহস্পতিবার ঢাকার বায়ুমান ১৬৭, বিশ্বে দ্বিতীয় স্থানে। সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৭ ছিল। বায়ুর এ মান মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। দূষণ শ্বাসকষ্টজনিত নানা অসুখ সৃষ্টি করতে পারে।
আইকিউএয়ারের হিসাব অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা। এ নগরীতে বায়ুর মান ১৭৩। সার্বিকভাবেই আজ বায়ুদূষণ বিশ্বে কম। সাধারণত এপ্রিল মাসের পর থেকেই বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়।
আজ নগরীর আট এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও এলাকা। এ এলাকার বায়ুমান ১৯১। বায়ুর মান ১৫০ হলেই তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০ হলে তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। আজ আগারগাঁওয়ের পর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৩), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৮), বারিধারা লেক সাইড (১৬৫), বারিধারা পার্ক রোড (১৬৩), গুলশান লেক পার্ক (১৬১) ও বেচারাম দেউড়ি (১৫৩)।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটি বেশি প্রযোজ্য সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে আজ। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।




















