শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে দুর্লভ চিতাবিড়ালের দর্শন হয়েছে। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা এই বিরল প্রাণীটির কয়েকটি চমৎকার ছবি তুলেছেন।
চা-বাগানের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ কাছের ঝোপ থেকে খসখস শব্দ শোনা গেল। মুহূর্তের জন্য চিতাবিড়ালটিকে দেখতে পেয়েই কাজল হাজরা বলে উঠলেন, ‘ওটা চিতাবিড়াল!’ কিন্তু চোখের পলকেই প্রাণীটি ঘন ঝোপের আড়ালে মিলিয়ে গেল।
প্রথম সুযোগ হাতছাড়া হলেও কাজল হাজরা হাল ছাড়েননি। দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকার পর হঠাৎ আবার চোখের সামনে হাজির হলো সেই চিতাবিড়াল। এবার তিনি ক্যামেরার লেন্স তাক করে একটানা শাটার চাপতে থাকলেন। কিছুক্ষণ পর প্রাণীটি আবার জঙ্গলের ভেতর হারিয়ে গেল।
কাজল হাজরা বলেন, বনভূমি ধ্বংস, আবাসস্থল সংকোচন এবং মানুষের সঙ্গে সংঘাত বৃদ্ধির ফলে দিন দিন কমে যাচ্ছে চিতাবিড়ালের সংখ্যা। তাই এ প্রাণীসহ অন্যান্য বন্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
চিতাবিড়াল দেশের একটি দুর্লভ বন্য প্রাণী। এর ইংরেজি নাম লেপার্ড ক্যাট এবং বৈজ্ঞানিক নাম প্রাইওনেইলারাস বেঙ্গালেনসিস। আকারে এটি গৃহপালিত বিড়ালের মতো হলেও দেখতে অনেকটা চিতাবাঘের ক্ষুদ্র সংস্করণের মতো।
সম্প্রতি একটি দুর্ঘটনায় আহত অবস্থায় একটি চিতাবিড়াল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন ও প্রাকৃতিক আবাসস্থল ক্রমেই সংকুচিত হয়ে যাওয়ায় চিতাবিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। এতে তারা আহত হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রাণও হারাচ্ছে।




















