বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চার দিনের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হলো। ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়, যা বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে রাজধানী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তি ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর–পশ্চিমে।






























