ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ নিয়ে এখন পর্যন্ত নীরব রয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে তাদের মিত্র ও আরও কয়েকটি বিরোধী দল এরই মধ্যে অপ্রথাগত রাজনৈতিক দল সিজেপির প্রতি সমর্থন প্রকাশ করেছে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অপসারণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ করেছে সোশ্যাল মিডিয়া থেকে গড়ে ওঠা দল সিজেপি। ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের গতকাল শনিবার তারা কেন্দ্রীয় সরকারকে সাত দিনের সময় বেঁধে দেয়।
দলীয় কয়েকটি সূত্রের মতে, কংগ্রেসের সন্দেহ, সিজেপি আম আদমি পার্টির (এএপি) সমর্থনপুষ্ট, তাই দলটি আপাতত ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণের’ নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মস বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত সিজেপির নাম উল্লেখ না করে বলেছেন, তাঁরা দৃঢ়ভাবে জেন-জি বা জেনারেশন জেডের পাশে রয়েছেন।
সিজেপির চলমান বিক্ষোভ নিয়ে কংগ্রেস চুপ থাকলেও তাদের মিত্র সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই (এমএল) ও সিপিআইয়ের (এম) মতো দলগুলো এই বিক্ষোভকে স্বাগত জানিয়েছে।






























