বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে ক্লিন শিট ধরে রাখায় আর্জেন্টিনা সবচেয়ে সফল। ৩৯ ম্যাচের মধ্যে ২৮ ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। অন্যদিকে, ব্রাজিল ২৯.৭ শতাংশ ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে এবং ৪৩তম স্থানে রয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টের অফিশিয়াল পরিসংখ্যানভিত্তিক মাসকট ‘গাতো মেস্ত্রে’ ২০২৩ সাল থেকে এ হিসাব করেছে। ৩৯ ম্যাচে মাত্র ১৪ গোল হজম করেছে আর্জেন্টিনা। মরক্কো এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
মরক্কো ৩৭ ম্যাচের মধ্যে ৬৩.৮ শতাংশ ম্যাচে গোল হজম করেনি। শীর্ষ পাঁচে বাকি তিন দল—সেনেগাল (৫৯%), জাপান (৫৫.৮%) ও ডিআর কঙ্গো (৫৫.৬%)। ব্রাজিল ৪২ গোল হজম করেছে এবং শুধু ১১ ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে।



















