জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে। দলটির নেতারা অভিযোগ করেছেন বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতি রাখছে না।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত এনসিপির এই বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলের আয়োজক দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।
বিক্ষোভ মিছিলের আগে বাংলামোটরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুই বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার এক মাসের মাথায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচনের পর তিনি সে বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
এনসিপির যুবসংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার ব্যবস্থা করে দিচ্ছে সরকার।






























