ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব বিশ্বকে উদ্বেগে ফেলেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় এই ভাইরাসের বিরল বান্ডিবুজিও স্ট্রেন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে এক জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছে, যা সারা বিশ্বের জন্য উদ্বেগের কারণ।
ইবোলা ভাইরাসের বৈশিষ্ট্য ও প্রতিরোধ
ইবোলা ভাইরাস একটি জুনোটিক বা প্রাণীবাহিত রোগ, যার প্রাকৃতিক বাহক ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড়। আক্রান্ত প্রাণীর মাংস বা রক্তের মাধ্যমে এটি প্রথমে মানুষের শরীরে আসে। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির শরীর নিঃসৃত তরল পদার্থের সরাসরি সংস্পর্শে এটি ছড়ায়। রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো তীব্র জ্বর, শরীর ব্যথা ও বমি। রোগ বাড়লে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয় এবং অর্গান ফেইলিউরের দিকে যেতে পারে।
বাংলাদেশের জন্য সতর্কবার্তা
একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে মনে করি, এই নতুন প্রাদুর্ভাব বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য একটি বড় সতর্কবার্তা। বিশ্বায়নের এই যুগে কোনো দেশই ঝুঁকিমুক্ত নয়। বাংলাদেশ সরকারের এখনই তিনটি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত: সীমান্তে কঠোর নজরদারি, ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি এবং হাসপাতালের প্রস্তুতি ও জনসচেতনতা গড়ে তোলা।



















