ঢাকায় কারিগরি চাকরি মেলায় ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ৯টা থেকে চাকরির মেলা শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোতে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন।
মেলায় অংশগ্রহণ করে আকিজ গ্রুপ, ম্যাটাডোর, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটসহ ৫৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান ও ১৮টি কারিগরি ইনস্টিটিউট। টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, শেফ, বিউটিশিয়ানসহ ২৪ ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
চাকরি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম। তিনি বলেন, ‘আমাদের এখানে ডিগ্রির মূল্য বেশি, দক্ষতার নয়। এই চিত্র বদলানো দরকার। শিক্ষার্থীদের উচিত অন্তত একটি কারিগরি দক্ষতা অর্জন করা।
চাকরিপ্রার্থী আবিদুল ইসলাম বলেন, ‘প্রথমবারের মতো কোনো চাকরি মেলায় এসেছি। চারটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। চাকরি মেলা থেকে অনেকের চাকরি হয় বলে শুনেছি। চাকরি পাওয়ার ব্যাপারে আমিও আশাবাদী।’
অন্য একজন চাকরিপ্রার্থী মরিয়ম জাহান বলেন, ‘আমি জাপানে যেতে আগ্রহী। এখানে এসেছি মূলত জাপানে চাকরিবিষয়ক সেমিনারে অংশগ্রহণ করতে। তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিভিও আবেদন করেছি।’




















