ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটি ১ ঘণ্টা স্থায়ী হবে এবং ঢাকার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)
পরীক্ষার ধরন: ১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা
পরীক্ষার কেন্দ্র: ঢাকার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে
পরীক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের ক্যালকুলেটর, কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মুঠোফোন, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ঠ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।






























