৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে অল্প সময় পাওয়ায় কীভাবে ভালো ফলাফল করা যায় তা জানিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও ক্যারিয়ারবিষয়ক পরামর্শক রবিউল আলম লুইপা। তিনি বলেছেন, স্বল্প সময়ের প্রস্তুতিতে সিলেবাস ও বিগত প্রশ্ন থেকে ধারণা নিতে হবে, সারা জীবনের অর্জিত জ্ঞানগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো সাজিয়ে নিতে হবে এবং নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে।
সিলেবাস এবং বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ুন
নির্দিষ্ট সময়ের মধ্যে গাইড ও রেফারেন্স বই থেকে পুরো সিলেবাস একবার কমপ্লিট করুন। পুরো সিলেবাসকে নির্দিষ্ট সময় দিয়ে ভাগ করলে প্রতিদিন কতটুকু পড়তে হবে, সেটি বুঝতে পারবেন। সময় কম পেলে রিডিং পড়ুন, সময় বেশি পেলে আত্মস্থ করুন ও অ্যানালাইসিস করে করে পড়ুন। গণিত ও অনুবাদ প্রতিদিন অল্প অল্প করে চর্চা করুন।
নিয়মিত মডেল টেস্ট দিয়ে হাতের লেখার গতি বাড়ান
সপ্তাহান্তে সপ্তাহের পড়াগুলোর থেকে নিজে নিজে মডেল টেস্ট দিয়ে ঝালিয়ে নিন। বাসায় বসে কিংবা কোনো কোচিংয়ে নিয়মিত মডেল টেস্ট দিয়ে হাতের লেখার গতি বাড়ান। আপনি কতটুকু পড়লেন বা জানলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটুকু লিখতে পারলেন। লিখিত পরীক্ষায় মোট ২৪ ঘণ্টা লিখতে হয়। বুঝতেই পারছেন, ফাস্ট হ্যান্ডরাইটিং এবং শারীরিক সক্ষমতা কতটা দরকার!
সময় বণ্টন খুবই গুরুত্বপূর্ণ
লিখিত পরীক্ষায় ‘সময় বণ্টন’ খুবই গুরুত্বপূর্ণ। ২০০ নম্বরের পরীক্ষায় প্রতি নম্বরের জন্য ১ মিনিট ১২ সেকেন্ড ও ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি নম্বরের জন্য ১ মিনিট ৪৮ সেকেন্ড করে সময় পাবেন। এভাবে প্রতিটি প্রশ্নের নম্বরের দিকে লক্ষ রেখে সময় বরাদ্দ করবেন। প্রশ্নোত্তরের পরিসর ও গুরুত্ব অনুযায়ী সময় বণ্টন নিজের মতো পরিবর্তন বা সাজিয়ে নেবেন। তবে পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই উত্তর লেখা শেষ করবেন।






























