মুক্তিযোদ্ধা সনদ সঠিক বলে প্রমাণিত হওয়ায় ৪৬তম বিসিএসে আরও ৬ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে স্থগিত রাখা ছয় প্রার্থীর সাময়িক সুপারিশ প্রকাশ করেছে। তাঁদের মুক্তিযোদ্ধা সনদ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সুপারিশ সম্পূর্ণ সাময়িক। চূড়ান্ত নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, মুক্তিযোদ্ধা সনদ ও অন্যান্য কাগজপত্রের সত্যতা যাচাই করবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত মেডিক্যাল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং পুলিশ ভেরিফিকেশন যাচাইয়ের পর সরকার তাঁদের চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, কোনও প্রার্থী যদি আবেদনপত্রে জ্ঞাতসারে কোনও ভুল তথ্য প্রদান করেন কিংবা কোনও তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় নেন, তবে বিজ্ঞাপনের শর্তানুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করা হবে। এমনকি চাকরিতে নিয়োগের পরও যদি এমন কোনও তথ্য প্রমাণিত হয়, তবে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। মনোনীত প্রার্থীরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফলাফল ও বিস্তারিত নির্দেশনা দেখতে পারবেন।




















