শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি উপজেলা-থানা, জেলা এবং জাতীয়—এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের বিজয়ীদের পুরস্কৃত করবে সরকার।
বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে।




















